বিপৎসীমার ওপরে মেঘনার পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চাঁদপুরের মেঘনা উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে জোয়ারে স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা বেড়েছে প্রায় তিন ফুট। এতে ওইসব অঞ্চলের সড়ক, পুকুর ও বাড়িতে পানি প্রবেশ করেছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জোয়ারের সময় মেঘনার পানি বিৎদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেল থেকে মেঘনার পানির উচ্চতা বেড়েছে। এ সময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার নদী উপকূলীয় এলাকায় পানি বৃদ্ধি পায়। এছাড়াও শহররক্ষা বাঁধের পুরান বাজার এলাকায় নদীর পানি সড়ক সমান অবস্থায় রয়েছে।

চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষণ কর্মকর্তা শাহ্ মো. শোয়েব জানান, নিম্নচাপের কারণে জোয়ারের পানি স্বাভাবিকের চাইতে এক থেকে তিন ফুট বৃদ্ধি পাবে, এই সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক বলেন, “নদীর পানি বৃদ্ধি পেয়েছে, বিষয়টি আমরা অবগত। আমাদের কর্মকর্তারাও সতর্ক রয়েছেন। তবে মেঘনার পানির উচ্চতা বাড়লেও বেশি সময় স্থায়ী হয় না। শুক্রবার বিকেলে জোয়ারের সময় মেঘনার পানি বিপৎসীমার পয়েন্ট ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।”