বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে নৌযান চলাচল বন্ধ, খাদ্যপণ্যের সংকট

বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় প্রবাহিত হওয়ায় দ্বীপের বিভিন্ন অংশ দিয়ে লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করে শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত টানা তিন দিন ধরে বৈরী আবহাওয়া বিরাজ করছে সাগরে। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে মাঝারি থেকে ভারি বৃষ্টি।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘‘অমাবস্যার জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ১-৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে দ্বীপের বিভিন্ন অংশ দিয়ে লবণাক্ত পানি প্রবেশ করছে। এতে শতাধিক বসতঘর প্লাবিত হয়েছে। ঢেউয়ের আঘাতে ভাঙনও দেখা দিয়েছে।”

সেন্টমার্টিন বাজার কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘‘নৌযান বন্ধ থাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য ফুরিয়ে এসেছে। আরও কয়েক দিন টেকনাফ থেকে কোনো খাদ্যপণ্য না পৌঁছালে খাদ্যপণ্যের তীব্র সংকট দেখা দেবে। এখানকার মানুষের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে সি ট্রাক ও সি অ্যাম্বুলেন্স চালু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”

এদিকে আবহাওয়া পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘‘বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নৌযান চালু হবে।’’