প্রথমদিনেই ১০ হাজার ই-রিটার্ন দাখিল

২০২৫-২৬ অর্থবছরের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরুর প্রথমদিনেই ১০ হাজারের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন, যা গত বছরের তুলনায় প্রায় পাঁচগুণ বেশি।

সোমবার (৪ আগস্ট) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিন ১০,২০২ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। গত বছর প্রথম দিনে রিটার্ন জমা পড়েছিল ২,৩৪৪টি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিপুল পরিমাণ করদাতাদের রিটার্ন দাখিল ডিজিটাল কর ব্যবস্থার প্রতি আস্থার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, ৩ আগস্ট এনবিআর একটি বিশেষ আদেশে জানায়, ২০২৫-২৬ অর্থবছর থেকে দেশে অবস্থানরত সব ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, প্রবাসী করদাতা এবং মৃত করদাতার আইনগত প্রতিনিধিদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না।

এছাড়া, যেসব করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে গিয়ে সমস্যায় পড়বেন, তারা ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে উপকর কমিশনার বরাবর আবেদন করলে অনুমোদনের ভিত্তিতে কাগজে (পেপার রিটার্ন) রিটার্ন জমা দিতে পারবেন।

এছাড়া, বর্তমানে করদাতারা ঘরে বসেই অনলাইনে কর পরিশোধ এবং রিটার্ন দাখিল করতে পারছেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে আয়কর পরিশোধ করা যাচ্ছে। রিটার্ন দাখিল শেষে স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাচ্ছে।

এনবিআর জানিয়েছে, করদাতারা অনলাইন রিটার্ন দাখিলে কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক সমাধানের জন্য কল সেন্টার ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সার্বক্ষণিক সহায়তা দেওয়া হচ্ছে।

জানা গেছে, গত বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য সীমিত পরিসরে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছিল। তখন প্রায় ১৭ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেন।