সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “জিরো রিটার্ন” দাখিল নিয়ে বিভ্রান্তিকর পোস্ট প্রচারিত হচ্ছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব পোস্টে দাবি করা হচ্ছে, রিটার্নের সব ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এতে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা তাদের আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে অসত্য ঘোষণা দিচ্ছেন বলেও এনবিআরের নজরে এসেছে।
তবে এনবিআর বলছে, আয়কর আইন, ২০২৩–এ “জিরো রিটার্ন” দাখিলের কোনো বিধান নেই। আইন অনুযায়ী করদাতাকে তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। কোনো একটি বা সবগুলো তথ্য শূন্য দেখানো সম্পূর্ণ অবৈধ এবং এটি একটি ফৌজদারি অপরাধ।
রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানিয়েছে, আইন অনুযায়ী, রিটার্নে অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন, ২০২৩–এর ৩১২ ও ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক—শূন্য আয়, ব্যয়, সম্পদ ও দায় দেখিয়ে রিটার্ন দাখিলের সুযোগ নেই।
সংস্থাটি মনে করিয়ে দিয়েছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশীদার হতে সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে এনবিআর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো “জিরো রিটার্ন”-এর প্রলোভন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।