বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত

শিক্ষাখাতের উন্নয়ন ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য নিয়ে স্কুলের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানান।

এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট পরামর্শ সভায় তিনি বলেন, “গণপরিবহনে জ্বালানি খরচ কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “পরিবহন খাতে জ্বালানির ব্যবহার কমাতে চায় সরকার। প্রথম ধাপ হিসেবে শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি জানান, আসন্ন জাতীয় বাজেটের জন্য অপেক্ষা না করেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এনবিআর চেয়ারম্যান বলেন, “বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতে বাজেটে অনেক পরিবর্তন আসবে, তবে এই উদ্যোগের জন্য আমরা অপেক্ষা করব না। খুব শিগগিরই শুল্ক অব্যাহতি দিতে এসআরও জারি করা হবে।”