ঈদের ছুটির পর চালু হতে শুরু করেছে রাজধানীর বিভিন্ন নিত্যপণ্যের দোকানসহ কাঁচাবাজার। তবে, সবজির দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। ক্রেতা কম থাকলেও বেশির ভাগ সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর নবোদয়, পল্টন, মতিঝিল কাঁচাবাজার ও আশপাশের এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, ক্রেতা ও বিক্রেতা উভয়ের উপস্থিতিই তুলনামূলক কম। ফলে বেচাকেনাও কম হচ্ছে। তবে শাক ও সবজির দাম ঈদের আগের দুই দিনের মতোই প্রায় অপরিবর্তিত রয়েছে।
নবোদয় বাজারে গিয়ে দেখা গেছে, প্রায় ৫০টির মতো দোকান থাকলেও ১০টি দোকান খোলা রয়েছে। বাজারের রাস্তা ফাঁকা, ক্রেতা হাতে গোনা দু-একজন।
কাঁচাবাজার ছাড়াও বিভিন্ন মোড়ে কিছু বিক্রেতাকে ভ্যানে সবজি বিক্রি করতে দেখা গেছে। তবে ভ্যানের সংখ্যাও একেবারেই কম। যেসব রয়েছে, তাদেরও কেউ কেউ ঝিমাচ্ছেন।
শাক বিক্রেতা মো. জাহাঙ্গীরের সঙ্গে। তিনি জানান, আটি হিসাবে পাট শাক বিক্রি করছেন। একে আটি ২০ টাকা, দুই আটি ৩০ টাকা; লাউ শাক আটি ৩০ টাকা; লাল শাক দুই আটি ৩০ টাকা এবং পুঁইশাক আটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তিনি বলেন, ‘‘ঈদের পরদিন দাম কিছুটা কমে, সেই হিসেবে দাম আজ একটু বেশি। তবে ঈদের আগের দুইদিন যা ছিলো, এখনও তাই রয়েছে।’’
সবজি বিক্রেতা কিশোর মোবারক হোসেন তার বাবার দোকানে সবজি বিক্রি করছে। সে জানায়, ঈদের আগে ভালো জাতের যে পটল ১২০ টাকায় বিক্রি করেছে, সেই পটল আজ সে বিক্রি করছে ৮০ টাকায়।