দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই মূল্য ১ জুন সোমবার থেকে কার্যকর হবে।
নতুন মূল্য অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রলের দাম ১৩৫ থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আর ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।