ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি আরও জোরদার হওয়ার সম্ভাবনার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা তেলের বাজারে বিক্রির চাপ বাড়িয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বুধবার (৪ জুন) বিশ্ববাজারে তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা যায়। গ্রিনিচ মান সময় রাত ১২টা ১৫ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট কমে ৯৭.১৪ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬২ সেন্ট কমে ব্যারেলপ্রতি ৯৫.৪০ ডলারে দাঁড়ায়।
তবে বাজারে স্বস্তির এই আবহের মধ্যেই নতুন করে অনিশ্চয়তার জন্ম দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান ইয়াল জামির। তিনি দাবি করেছেন, লেবাননের সঙ্গে কোনো কার্যকর যুদ্ধবিরতি বর্তমানে বিদ্যমান নেই।
ইসরাইলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হাইফার একটি নৌঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে আশাবাদ তৈরি হয়েছে, বাস্তবে পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তেলের দামের ওঠানামায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।