প্রস্তাবিত বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর আগে, কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত দেশি মদের ওপর কেবল আবগারি শুল্ক প্রযোজ্য ছিল। কোনো ভ্যাট ছিল না। কোম্পানিটি শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দিষ্ট হারে আবগারি শুল্ক বা এক্সাইজ ডিউটি প্রদান করতো।
জানা গেছে, দেশের উৎপাদিত প্রতি লিটার মদের ওপর স্পেসিফিক ভ্যাট বা নির্দিষ্ট হারে ভ্যাট বসানোর প্রস্তাব করা হয়েছে। প্রতি লিটার মদের ওপর ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভ্যাট বসানোর পরিকল্পনা করছে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)।
নতুন করে ভ্যাট যুক্ত হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি ব্র্যান্ডের মদের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে কেরুর মদ বিক্রি বেড়েছে। এ খাতে মুনাফাও অনেক বেড়ে গেছে।
কেরু অ্যান্ড কোম্পনি চিনিকলের পাশাপাশি ডিস্টিলারি বা মদ উৎপাদন ইউনিট থেকে সবচেয়ে বেশি লাভ করে থাকে।
ফলে বিলাসী ও ক্ষতিকর পণ্যের ওপর শক্ত অবস্থান নিতে এনবিআর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশে আমদানি ও সরবরাহ করা বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ভ্যাটের হার সাধারণত ১৫% হয়ে থাকে।