পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে বৈদ্যুতিক গাড়ি আমদানিতে ব্যাপক শুল্ক-কর ছাড়ের প্রস্তাব দিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটে এ প্রস্তাব উত্থাপন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক বাস আমদানিতে বিদ্যমান সব ধরনের শুল্ক-কর অব্যাহতি এবং অন্যান্য ইলেকট্রিক বাস ও ট্রাকের ক্ষেত্রে ভ্যাট ছাড়া বাকি সব শুল্ক-কর অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন ২০৩০ পর্যন্ত বহাল রাখার প্রস্তাবনাও আসছে।
এছাড়াও, বিভিন্ন সংবাদমাধ্যমসূত্রে জানা গেছে, ১,৮০০ সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ির মোট করভার বর্তমান ৯৩.৬% থেকে কমে ৭৩.৪৩৭ শতাংশে নেমে আসবে। একইভাবে ২ হাজার সিসি পর্যন্ত ব্র্যান্ড নিউ পিএইচইভি গাড়ির মোট করভার ১৩২.৩৬% থেকে কমে ৯৬.১০% হবে।
পেট্রোল-ডিজেলচালিত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে, ১, ২০০ থেকে ১,৬০০ সিসি ক্ষমতার ইন্টারনাল কম্বাশন (আইসি) ইঞ্জিনযুক্ত আমদানিকৃত গাড়ির ওপর করভার বাড়ানোর প্রস্তাবনা আসছে বলেও জানা গেছে।