উচ্চ সিসির গাড়িতে বাড়ছে অগ্রিম কর

আগামী ২০২৬-২৭ অর্থবছরে উচ্চ সিসির ব্যক্তিগত গাড়ির ওপর অগ্রিম আয়কর বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। একই সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক মোটরযানের ক্ষেত্রেও ক্ষমতাভিত্তিক অগ্রিম কর আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজস্ব আয় বৃদ্ধি এবং উচ্চমূল্যের যানবাহনের কর কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত ব্যবস্থায় মূলত উচ্চ আয়ের ব্যক্তি ও শিল্পপতিদের ব্যবহৃত উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ির করের হার বাড়ানো হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, ২,৫০০ থেকে ৩,০০০ সিসি ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর বর্তমান ১ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হচ্ছে। ৩,০০০ থেকে ৩,৫০০ সিসি গাড়ির ক্ষেত্রে কর ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

এ ছাড়া ৩,৫০০ থেকে ৪,৫০০ সিসি ক্ষমতার গাড়ির অগ্রিম আয়কর সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা এবং ৪,৫০০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন গাড়ির জন্য কর ৫ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে।

তবে ১,৫০০ থেকে ২,৫০০ সিসি পর্যন্ত মধ্যবিত্তের ব্যবহৃত গাড়ির করের হার অপরিবর্তিত থাকছে।

অন্যদিকে, মাইক্রোবাস ও ডাবল কেবিন পিকআপের ক্ষেত্রেও অগ্রিম কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরে এসব যানবাহনের জন্য অগ্রিম কর ৪০ হাজার টাকা নির্ধারণ করা হতে পারে, যা বর্তমানে মাইক্রোবাসের ক্ষেত্রে ৩০ হাজার টাকা।

সরকারের এই উদ্যোগের ফলে উচ্চমূল্যের ও অধিক ক্ষমতাসম্পন্ন যানবাহনের ওপর করের চাপ বাড়লেও সাধারণ ব্যবহারকারীদের জন্য বিদ্যমান কর কাঠামোয় বড় কোনো পরিবর্তন আসছে না।