সরকারি পেনশনভোগীরা পাবেন দ্বিগুণ অর্থ

নবম জাতীয় পে-স্কেলে নিম্ন হারে পেনশন প্রাপ্ত সরকারি চাকুরিজীবীদের মাসিক অবসর ভাতা বা পেনশন সর্বোচ্চ ১০০% বা দ্বিগুণ করার সুপারিশ করা হয়েছে।

জাতীয় বেতন কমিশনের তৈরি করা এই খসড়া প্রস্তাবনায় দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনা করে এ প্রস্তাব করা হয়।

নতুন সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরে পেনশন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম, তাদের পেনশন ১০০% বা দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এরপর ২০,০০০ হাজার থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশন পান এমন পেনশনারদের ক্ষেত্রে ৭৫% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাসিক ৪০,০০০ টাকার বেশি পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

এদিকে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

জানা গেছে, পে-স্কেলের গেজেট শিগগিরই প্রকাশ করা হবে। এর জন্য রূপরেখা চূড়ান্ত হয়ে গেছে। চূড়ান্ত এই রূপরেখা অনুযায়ী, একবারে পে-স্কেল বাস্তবায়ন হচ্ছে না। মোট তিন ধাপে পে-স্কেল বাস্তবায়ন হবে।

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০% বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের ক্ষেত্রে বেসিকের শতভাগ বেতন বৃদ্ধি করা হতে পারে বলে আলোচনা রয়েছে।