বিশ্ববাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে জ্বালানি তেলের দাম ৪% কমে গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন দরে নেমেছে।

মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে ‘ব্রেন্ট ক্রুড’ - এর দাম কমে ব্যারেল প্রতি ৮০ ডলারের নিচে নেমেছে। গত মার্চের পর প্রথম এই দরে নেমেছে জ্বালানি তেলের দাম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। 

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের সময় ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে ছিল। তখন প্রতি ব্যারেলের দাম ছিল প্রায় ১২০ ডলার। বর্তমানের দাম (৭৯.৯০ ডলার) আগের দামের চেয়ে অনেক নিচে নেমেছে।

মধ্যপ্রাচ্যে এ সংঘাত শুরু হওয়ার আগে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭০ ডলারের আশপাশে। 

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি সই হবে। যদিও চুক্তিটির বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে এই সংবাদের প্রভাবেই তেলের বাজারে স্বস্তি ফিরে এসেছে। মধ্যপ্রাচ্য থেকে পুনরায় তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করেই মূলত দামের এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

চুক্তির আওতায় ইরান তাৎক্ষণিকভাবেই বাজারে তেল বিক্রি শুরু করতে পারবে। এ খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম বেশি কমেছে।