এক শ্রেণির প্রতারক চক্র অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মোবাইল ফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (৫ জুলাই) এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনবিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিকভাবে লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।
এনবিআর করদাতাদের জন্য চার দফা নির্দেশনা দিয়েছে
প্রথমত, লিখিত নোটিশ ছাড়া কোনো ধরনের যোগাযোগকে বৈধ হিসেবে গণ্য করা যাবে না। এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মোবাইল নম্বর বা অননুমোদিত মাধ্যমে অডিট সংক্রান্ত বিষয়ে যোগাযোগ করেন না।
দ্বিতীয়ত, কর বা ফি পরিশোধ কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগত অ্যাকাউন্ট, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।
তৃতীয়ত, সন্দেহজনক ফোন কল, এসএমএস বা ইমেইল পেলে করদাতাদের বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চতুর্থত, প্রতারকচক্রের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং সংশ্লিষ্ট ফোন নম্বর সংরক্ষণ করার অনুরোধ করা হচ্ছে।
এনবিআর আরও জানিয়েছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে সবাইকে ব্যক্তিগত অর্থ ও তথ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।