চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জানুয়ারি-জুন মেয়াদে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সময়েও একই হার ও একই শর্ত বহাল থাকবে।
সোমবার (৬ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এরপর দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে, গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জন্য ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদে যে সুদের হার ও শর্তাবলি বলবৎ ছিল, তা ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এ আদেশ ১ জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য করা হবে।
খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে নতুন বিনিয়োগকারী এবং যেসব গ্রাহক নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র কিনবেন, তারা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।
অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে আগামী ৬ মাস জাতীয় সঞ্চয় স্কিমে বিনিয়োগকারীদের জন্য সুদের হার ও বিনিয়োগ-সংক্রান্ত বিদ্যমান নীতিমালায় কোনো পরিবর্তন থাকছে না।