একদিনের ব্যবধানে আবার কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।  

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।

এদিন সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২,১৫৮ টাকা। ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ২,১৯,৮০৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস বলছে, ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২,০৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২,০৯,৮৯৪ টাকা।

একইসঙ্গে, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১,৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৮০,২৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১,৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৪৭ ,৩১৬ টাকা।