আজ (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শেষ হয়েছে। গত ৭ জুন শুরু হওয়া ২৬ কার্যদিবসের এ অধিবেশনে ১০টি সরকারি বিল পাস হয়েছে, বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়েছে ১৪ কার্যদিবস ধরে এবং ৩১৬ জন সংসদ সদস্য এতে অংশ নেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেটের ওপর সাধারণ আলোচনা মোট ৪৮ ঘণ্টা ৫১ মিনিট স্থায়ী হয়।
অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ জমা পড়ে। এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া ৭১(ক) বিধির আওতায়, ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচনা করা হয়।
কার্যপ্রণালী-বিধির ১৩১ বিধি অনুযায়ী চারটি সিদ্ধান্ত প্রস্তাব আলোচনা ও নিষ্পত্তি করা হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে। এর মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপন করা হয়। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্দেশে ৫,০৩১টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কার্য উপদেষ্টা কমিটিও পুনর্গঠন করা হয়েছে।