যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের ধাক্কা লেগেছে। চলতি ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে) দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮.০৮% কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে সার্বিকভাবে যুক্তরাষ্ট্রে মোট রপ্তানি আয় ৪% বাড়লেও বছরের শুরুর চিত্রটি বেশ উদ্বেগজনক।
বিবিসির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অফিস (অটেক্সা)-এর সর্বশেষ পরিসংখ্যান বলছে, বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৩.২৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে এই মন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারকের অবস্থানটি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। একই সময়ে প্রতিযোগী দেশ কম্বোডিয়ার রপ্তানি ১৪.৯০% এবং ইন্দোনেশিয়ার ৫.৪৯% বৃদ্ধি পেয়েছে।
শুধু আয়ের দিক থেকেই নয়, পরিমাণের দিক থেকেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। জানুয়ারি-মে সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে ১০৮ কোটি ৫ লাখ স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট (এসএমই) পোশাক পাঠানো হয়েছে, যা আগের বছরের চেয়ে ৬.২১% কম। একইসঙ্গে তৈরি পোশাকের গড় ইউনিট মূল্যও ৩.০৫ ডলার থেকে প্রায় ২% কমে ২.৯৯ ডলারে নেমে এসেছে।