রাজধানীতে দ্বিগুণ থেকে তিনগুণ বেড়েছে কাঁচা মরিচের দাম। চলতি মাসে ১০০ থেকে ১২০ টাকায় কেজি বিক্রি হওয়া এই কাঁচা মরিচ এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বর্তমানে কাঁচা মরিচ প্রতি কেটি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও কোনো কোনো বাজারে তা সর্বোচ্চ ২৫০ টাকা পর্যন্ত উঠে গেছে।
কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির পাশাপাশি প্রভাব পড়েছে সবজি বাজারেও। কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে পেঁয়াজের দাম।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে কাঁচা মরিচের মূল্যবৃদ্ধির তথ্য জানা যায়।
বিক্রেতারা বলছেন, সপ্তাহ দেড়েক আগের টানা বৃষ্টি ও বন্যায় দেশের প্রধান প্রধান সবজি উৎপাদনকারী অঞ্চলে পানি জমে খেত নষ্ট হয়ে গেছে। ফলে পাইকারি বাজারে সবজির সরবরাহ ব্যাপকভাবে কমেছে।
বাজারভেদে কাঁচা মরিচের দামে বড় ধরনের পার্থক্য দেখা গেছে। কোথাও ভালো মানের কাঁচা মরিচ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হলেও অনেক বাজারে তা ২৫০ থেকে ২৮০ টাকায় উঠেছে। তবে কারওয়ান বাজারে কিছুটা কমে মানভেদে ১৬০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।
ক্রেতারা বলছেন, দিন দিন যেন নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। গত এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম কয়েকবার বেড়েছে।
কারওয়ান বাজারের এক ক্রেতা বলেন, বর্তমানে বাজারে ১০০ টাকার নিচে হাতে গোনা কয়েকটি মাত্র সবজি মিলছে। সবকিছুর দাম প্রতিদিন বাড়ছেই। ফলে সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের জন্য দৈনিক বাজার করা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।