ই-রিটার্ন সেবা দ্রুত দাখিলে করছাড়, ঘরে বসেই যেভাবে দেবেন

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষে ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। দ্রুত দাখিল করলে করছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

বুধবার (২২ জুলাই) থেকেই ব্যক্তিশ্রেণির করদাতাদের এই সুবিধা দেওয়ার কথা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এনবিআর।

এনবিআর বলছে, এখন ঘরে বসেই বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন করদাতারা। করদাতারা যাতে সহজে, দ্রুত কর দিতে পারে সেজন্য  এ ব্যবস্থা চালু করছে বলেও জানিয়েছে তারা। 

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নিট প্রদেয় করের ৫% বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা প্রণোদনা পাবেন।

এর আগে, ২০২৫-২০২৬ করবর্ষে ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন।

যেভাবে ঘরে বসেই দেবেন ই-রিটার্ন

জাতীয় রাজস্ব বের্ডের www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস এর মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন। 

সঠিক তথ্য দিয়ে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা দেবেন।