লাগাতর কমছে স্বর্ণের দাম, নেপথ্যে কী

মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে লাগাতার এই দাম কমার প্রভাবে সোনার পাশাপাশি রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বিশ্বজুড়ে নিম্নমুখী।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডলারের মূলসূচক শক্ত অবস্থান নেওয়ায় বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছেন। যার ফলে মঙ্গলবার লেনদেনের শুরুতেই স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ হ্রাস পেয়ে প্রতি আউন্স ৪,০৪৪.৮১ মার্কিন ডলারে নেমে এসেছে। একই সময়ে আগামী আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার দর ০.৮ শতাংশ কমে অবস্থান করছে ৪,০৪৫.৪০ ডলারে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মার্কিন মুদ্রা ডলারের মান প্রায় এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় অন্যান্য দেশের মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা আগের চেয়ে ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত এই ধাতুটির চাহিদা বিশ্ববাজারে উল্লেখযোগ্যভাবে কমেছে।

বাজার সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বুধবার সমাপ্ত হতে যাওয়া ফেডের দুই দিনব্যাপী নীতিনির্ধারণী বৈঠকের দিকে। অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ ধারণা করছেন, এবার ফেড হয়তো সুদের হার অপরিবর্তিত রাখবে। তবে আগামী সেপ্টেম্বরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবার সুদের হার বাড়ানো হতে পারে, এমন জোরালো বার্তা আসতে পারে সিগন্যাল হিসেবে।

বিশেষজ্ঞদের মতে, ফেড যদি ভবিষ্যতে সুদের হার না বাড়ানোর ইতিবাচক ইঙ্গিত দেয়, তবে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াতে পারে এবং দাম আবারও প্রতি আউন্স ৪,২০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও এর মন্দা ভাব পরিলক্ষিত হয়েছে। এদিন আন্তর্জাতিক বাজারে রূপার দাম ১.৯ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.৬ শতাংশ কমে গেছে।