৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে মিলবে ৫% কর ছাড়

ব্যক্তি শ্রেণির করদাতারা ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে ৫% পর্যন্ত কর ছাড় পাবেন। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রবিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে। করদাতাদের উৎসাহিত করতে আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী এ কর প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী ব্যক্তি শ্রেণির ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা পরিশোধযোগ্য করের ৫% পর্যন্ত কর ছাড় পাবেন। তবে এই ছাড়ের সর্বোচ্চ সীমা হবে ২৫,০০০ টাকা।

তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর প্রণোদনা দেওয়া হবে না।

এদিকে, ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করলে আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৩(২) অনুযায়ী পরিশোধযোগ্য করের ২% অথবা ৩,০০০ টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর দিতে হবে।

এছাড়া, ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫% অথবা ৫,০০০ টাকা—যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর প্রযোজ্য হবে।

এনবিআর আশা প্রকাশ করে জানায়, নির্ধারিত সময়ের শুরুতেই কর ছাড় দেওয়ার ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। এতে কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম আরও দক্ষ ও সুশৃঙ্খল হবে।

সংস্থাটি জানায়, চলতি বছরের ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের ই-রিটার্ন সেবা চালু করা হয়েছে। করদাতারা www.etaxnbr.gov.bd-এর মাধ্যমে ঘরে বসেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। একইসঙ্গে ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে।