আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে ৪ ডলারের বেশি কমেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য সামরিক হামলা স্থগিত করার ঘোষণার পর এ দর পতন হয়। সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রবিবার (২ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার কমে প্রতি ব্যারেল ৮৩.৮৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪.০১ ডলার কমে প্রতি ব্যারেল ৮০.৬৬ ডলারে দাঁড়ায়।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিও সাময়িকভাবে হ্রাস পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে মূল্যচাপ দ্রুত কমেছে।
এর আগে, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি এবং ওমান উপসাগর এলাকায় তেলবাহী জাহাজে হামলার ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। গত মাসে ব্রেন্ট ও ডব্লিউটিআই-উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ২০% বৃদ্ধি পেয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। ফলে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলকে ঘিরে নতুন কোনো সামরিক বা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজার আবারও অস্থির হয়ে উঠতে পারে।