বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে চুক্তির সম্ভাবনা কমে আসায় এবং জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ‘ব্রেন্ট ক্রুড’ ফিউচারসের দাম ৬২ সেন্ট বা ০.৭% বেড়ে ব্যারেলপ্রতি ৯১.১৪ ডলারে পৌঁছায়। ৩০ জুলাইয়ের পর গত  সোমবার ব্রেন্টের দাম বেড়ে সর্বোচ্চ পর্যায়ে ছিল।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই সময়ে ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট’ বা ‘ডব্লিউটিআই’ ক্রুড ফিউচারসের দাম ৭৫ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৫ ডলারে উঠেছে। দিনের শুরুতে দাম ১%-এর বেশি বেড়ে ৮৫.৩৭, যা ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের কোনো চুক্তি সফল না হওয়ায় তেলের এই দাম বেড়েছে। তেহরান আরও আক্রমণাত্মক নীতি গ্রহণের ঘোষণা দেওয়ার পর এবং ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানানোর কারণে মূলত এই উত্তেজনা দেখা দিয়েছে।

ডিবিএস ব্যাংকের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সুভ্র সরকার বলেন, কোনো ধরনের চুক্তি না হলে চলতি বছরের চতুর্থ প্রান্তিক এবং ২০২৭ সালেও তেলের দামের পূর্বাভাসে প্রভাব পড়বে। তার ধারণা, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলে স্বল্পমেয়াদে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ থেকে ১০০ ডলারের মধ্যে থাকতে পারে।