জুলাই-জুন সময়কালের পরিবর্তে এপ্রিল-মার্চ সময়কে নতুন অর্থবছর হিসেবে গণনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুনের বদলে ২০২৮-২৯ অর্থবছরে সময়কাল হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ।
অর্থবছরের নতুন এই সময়কাল কার্যকর করতে আগামী ২০২৭-২৮ অর্থবছরকে অন্তর্বর্তী অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা হবে।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রি পরিষদ বিভাগের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্তের যুক্তি দিয়ে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান থাকে। ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মান ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়। এপ্রিল-মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন অর্থবছর গণনা চালুর ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ, অর্থ বিভাগসহ উপযুক্ত অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এ কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।
এতে আরও বলা হয়, এক্ষেত্রে বাংলাদেশের সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭ এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। এছাড়া অর্থবছর পরিবর্তনের সঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন ব্যবস্থায় প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে।
মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকে রূপান্তরকালীন অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাই-মার্চ) অর্থবছর শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সব কার্যক্রম শুরু করা হবে।