বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।
রবিবার (৩০ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ভারতে নিযুক্ত মার্কিন এই রাষ্ট্রদূত তার পোস্টে জানান, এই সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরেকটি অসাধারণ চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বেশি বোয়িং উড়োজাহাজ কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার ব্যয় করতে সম্মত হয়েছে, যা তাদের প্রাথমিক ক্রয়াদেশ উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
সার্জিও গর লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রেসিডেন্ট। তিনি প্রতিদিন কঠোর পরিশ্রম করে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে কাজ করছেন।
প্রসসঙ্গত, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় শুল্ক চুক্তির অংশ হিসেবে বাংলাদেশ আগেই যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার প্রাথমিক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত ১ মে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বোয়িং কোম্পানির কাছ থেকে ৩.৭ বিলিয়ন ডলার বা প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা ব্যয়ে ১৪টি উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পাদন করে। এবার বিশেষ দূতের নতুন বার্তায় বোয়িং বহর আরও বড় করার স্পষ্ট আভাস পাওয়া গেল।