বিশ্ববাজারে আবার বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ব্যারেল প্রতি ৫৬ সেন্ট বা ০.৬% বেড়ে ৯১.০৫ ডলারে পৌঁছেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৮৩ সেন্ট বা ১% বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৬.৫৯ ডলারে। এর আগের সেশনেও ব্রেন্ট ক্রুডের দাম ২.৭% এবং ডব্লিউটিআই-এর দাম ২.৮% বৃদ্ধি পেয়েছিল, যা বিগত এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। 

এদিকে গত সোমবার ইরানের বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর এক দিন আগে, রবিবার প্রায় এক মাস পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে সংঘাতটি মূলত অর্থনৈতিক অচলাবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল।

কেসিএমের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, “এই পরিস্থিতিতে ইরানের পাল্টা হামলার আশঙ্কা আবারও দেখা দিয়েছে। এতে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “এসব ঝুঁকির প্রভাব অপরিশোধিত তেলের বাজারেও পড়ছে। ইতোমধ্যে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।”