ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকায় কিনবে সরকার

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য গ্রাহকরা ১০.৫০ টাকা হারে মূল্য পাবেন।

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে উৎপাদন ব্যয়ের ওপর ২০% মুনাফা এবং ১.২৫% প্রিমিয়াম যোগ করে জাতীয় গ্রিডে সরবরাহ করা প্রতি ইউনিট সৌরবিদ্যুতের মূল্য ১০.৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোনো গ্রাহক নির্ধারিত উৎপাদন ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভাংশ হিসেবে বিবেচিত হবে।

যেসব গ্রাহক ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা এ প্রণোদনার আওতায় আসবেন।

এসব গ্রাহক ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ পরবর্তী তিন বছর গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০.৫০ পয়সা হারে মূল্য পাবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো সংশ্লিষ্ট গ্রাহকের তথ্য এবং জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ সংরক্ষণ করবে। প্রণোদনাসহ বিদ্যুতের মূল্য প্রতি তিন মাস অন্তর গ্রাহকের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। কোনো অবস্থাতেই এ অর্থ নগদে প্রদান করা হবে না।

তবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির পর যেসব ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে, সেগুলোর জন্য এ বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না।

এতে বলা হয়েছে, সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ব্যবহৃত সোলার প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটার এবং সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং সাসটেইনেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।