ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে (আইডিবি) ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই করেছে সরকার।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের প্রেসিডেন্ট ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবি’র পক্ষে সংস্থাটির কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।

জানা গেছে, চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন অপরিশোধিত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণে এ অর্থায়ন দেওয়া হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

ইস্টার্ন রিফাইনারি লিমিটেড

প্রকল্পটি বাস্তবায়িত হলে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর দেশের নির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদার হবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ইউনিট চালু হলে দেশের অভ্যন্তরীণ তেল পরিশোধন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। একইসঙ্গে পরিশোধিত জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয়ও কমবে।

এর আগে, আজারবাইজানের বাকুতে গত জুনে অনুষ্ঠিত আইএসডিবির নির্বাহী পরিচালনা পর্ষদের ৩৬৭তম সভায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১০০ কোটি ডলারের অর্থায়ন অনুমোদন দেওয়া হয়।

প্রসঙ্গত, ১৯৬৮ সালে চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠিত হয়। এর দ্বিতীয় ইউনিট নির্মাণের পরিকল্পনা প্রথম করা হয় ২০১০ সালে। তবে অর্থায়ন ও বাস্তবায়ন নিয়ে নানা জটিলতায় প্রকল্পটি বারবার পিছিয়েছে।