চাকরির বাজারে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার

বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৩৬%। অর্থাৎ, চাকরির বাজারে প্রবেশ করা প্রতি ১০০ জন তরুণের মধ্যে প্রায় ৩৬ জনই বেকার থাকছেন। 

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। আইএমএফের ‘ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় এ গবেষণার ফল প্রকাশ করা হয়েছে। 

আইএমএফের হিসাব অনুযায়ী, দেশে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার সামগ্রিক যুব বেকারত্বের হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ১৫ থেকে ২৪ বছর বয়সী তরুণদের নিয়ে করা বিশ্লেষণে সামগ্রিক যুব বেকারত্বের হার প্রায় ১০%। 

এশিয়ায় যুব বেকারত্ব নিয়ে করা গবেষণায় সংস্থাটি জানিয়েছে, সবচেয়ে বেশি বেকারত্ব দেখা যাচ্ছে উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে। 

সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ এশিয়ার তিনটি দেশের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব সবচেয়ে বেশি শ্রীলঙ্কায়, প্রায় ৪৩%। এরপর ভারতে প্রায় ৪২% এবং বাংলাদেশে প্রায় ৩৬%।  

ভারতে সামগ্রিক যুব বেকারত্বের হার ১৮% এবং শ্রীলঙ্কায় প্রায় ২২%। অর্থাৎ, এসব দেশেও সামগ্রিক যুব বেকারত্বের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্বের হার বেশি। 

দক্ষিণ-পূর্ব এশিয়ায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব ইন্দোনেশিয়ায় প্রায় ১৮%, ভিয়েতনামে ১৬ %, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ১৩% এবং ফিলিপাইনে ১২%। সিঙ্গাপুরে এ হার তুলনামূলকভাবে কম, প্রায় ৮%। 

আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেছেন, ‘‘উচ্চশিক্ষিত তরুণেরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।’’