দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২,২১৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।  

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে।  

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৫ অক্টোবর ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমানো হয় ১,৬৯১ টাকা। এই দাম কমানোর চারদিনের মাথায় এখন দাম বাড়ানো হলো।  

এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২,২১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,০৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা।  

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১,৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪,৩১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪,১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩,৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২,৬৮৩ টাকা।