ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়নের ক্ষেত্রে ‘বাংলা কিউআর’ ব্যবহার বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।
নগদবিহীন লেনদেন বাড়াতে খুচরা ব্যবসায়ী ও বিক্রেতাদের এই ব্যবস্থার আওতায় আনতে সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি)। ইউনিয়ন পরিষদগুলোর ক্ষেত্রে জেলা প্রশাসকদের মাধ্যমে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করেছে।
এর আগে, গত ১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীরের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, দেশে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআর ব্যবস্থার আওতায় এসেছেন।
বাংলাদেশ ব্যাংকের ধারণা, ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা সহজ হবে। পাশাপাশি, এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।
চিঠিতে ইউনিয়ন পরিষদ পর্যায়েও ট্রেড লাইসেন্স দেওয়ার সময় বাংলা কিউআর সেবা যুক্ত করার ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে অনুরোধ জানানো হয়।
এর আগে, ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি কর্পোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের বাইরেও প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ডিজিটাল লেনদেনের আওতায় আসবে। ফলে ব্যবসায়িক লেনদেনে নগদ অর্থের নির্ভরতা কমার পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে।