খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিক্রেতাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রদান ও নবায়নের শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হয়েছে। সিটি কর্পোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
সম্প্রতি জারি করা এক চিঠিতে স্থানীয় সরকার বিভাগ জানায়, বাংলাদেশ ব্যাংকের জারি করা একটি স্মারকের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারের আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিজিটাল পেমেন্টের পরিধি জোরদার করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশনাটি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের সংশ্লিষ্ট জেলার ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, দেশের জনগণের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটগুলোয় বাংলা কিউআরভিত্তিক লেনদেন নিশ্চিত করা প্রয়োজন।
এর আগে, দেশের মার্চেন্ট পয়েন্টগুলোতে থাকা অন্যান্য সব কিউআর কোড প্রতিস্থাপন করে—একমাত্র মানসম্মত পেমেন্ট ব্যবস্থা হিসেবে গত ১ জুলাই থেকে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করেছিল বাংলাদেশ ব্যাংক।