৬ কার্গো এলএনজি কিনছে সরকার

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে মোট ছয় কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে।

শনিবার (২৪ অক্টোবর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত ২০২৬ সালের ৫১তম সভায় প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে এলএনজি কেনার প্রস্তাব দুটি উপস্থাপন করা হয়। আলোচনা শেষে সেগুলো অনুমোদনের সুপারিশ করা হয়।

প্রথম প্রস্তাব অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে পাঁচ কার্গো এলএনজি কেনা হবে। পাশাপাশি, উভয় পক্ষের সম্মতি থাকলে প্রয়োজনে অতিরিক্ত কার্গো কেনার অনুমোদনও চাওয়া হয়েছে।

এ প্রস্তাবে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে ০.১৭ মার্কিন ডলার কম নির্ধারণের কথা বলা হয়েছে। বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডকে এ ক্ষেত্রে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্য প্রস্তাবে বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এক কার্গো এলএনজি কেনার কথা বলা হয়েছে। এ কার্গো ২০২৬ সালের ২০ ডিসেম্বরের জন্য নির্ধারিত রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে প্রতি এমএমবিটিইউ এলএনজি জেকেএম মূল্যের চেয়ে ০.১০ মার্কিন ডলার কম দামে কেনা হবে। এ ক্ষেত্রেও প্রতিষ্ঠানটিকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।