নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এ মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয় থেকে জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
পত্র অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করে সরকার। ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৫৫ টাকা নির্ধারণ করা হয়।
পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ওই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর অক্টোবর মাসেও এসব জ্বালানির দাম অপরিবর্তিত রাখে সরকার।
এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল। সেপ্টেম্বরে আরও ২০ টাকা বাড়ানোর ফলে এপ্রিলের আগের দামের তুলনায় ডিজেলের দাম লিটারে মোট ৩৫ টাকা বেড়েছে।
সরকার স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে। তবে সাম্প্রতিক কয়েক মাসে এ পদ্ধতিতে নিয়মিত মূল্য সমন্বয় করা হয়নি।