দেশে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩৩.৮০%। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। নানা সুবিধা দেওয়ার পরও দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩৩.৮০%।
এর আগে গত জুন শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ছয় লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩২.৭৮%। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
খাতভিত্তিক হিসাবে, গত সেপ্টেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। এসব ব্যাংকের বিতরণ করা মোট ঋণের ৪৬.৫৯% এখন খেলাপি।
অন্যদিকে, বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ৪ লাখ ৫৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা তাদের বিতরণ করা মোট ঋণের ৩২.০২%।
এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৩ হাজার ৯১৫ কোটি টাকা বা মোট ঋণের ৫.৯২%। আর বিশেষায়িত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ ১৮ হাজার ৩০৩ কোটি টাকা, যা মোট ঋণের ৩৯.৫১%।
ব্যাংকাররা বলছেন, ব্যবসায়িক পরিস্থিতির অবনতি, উচ্চ সুদহার, ডলারের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে অনেক প্রতিষ্ঠান ঋণ পরিশোধ করতে পারছে না। পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম এবং প্রভাবশালীদের কাছ থেকে ঋণ আদায় করতে না পারায় খেলাপি ঋণ বাড়ছে।