৮৪১ কোটি টাকায় যুক্তরাষ্ট্রে হোটেল কিনলেন মুকেশ আম্বানি

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি সম্প্রতি ৯৮ লাখ ডলারেরও (বাংলাদেশি মুদ্রায় ৮৪১ কোটি ৭২ লাখ ৬৩ হাজার টাকা) বেশি অর্থ দিয়ে যুক্তরাষ্ট্রে একটি বিলাসবহুল হোটেল কিনে নিয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুকেশ আম্বানি প্রায় ৮৪১ কোটি ৭২ লাখ ৬৩ হাজার ২২ টাকা মূল্যে নিউইয়র্কের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল কিনে নিয়েছেন।

২০০৭ সালের এক বার্ষিক প্রতিবেদন অনুযায়ী হোটেলটির মূল্য ৩৪০ মিলিয়ন ডলার। সেই হিসাবে হোটেলের প্রায় তিন-চতুর্থাংশ শেয়ারের মালিক হলেন মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়, রিলায়েন্স “ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব দুবাই”-এর ৭৩.৪% কিনে নিয়েছে।  

প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসায় বড় ধস নেমেছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের। হোটেলের বার্ষিক আয়ের হিসাব অনুযায়ী, ২০১৮ এবং ২০১৯ সালে যথাক্রমে ১১৫ ও ১১৩ মিলিয়ন ডলার আয় করলেও ২০২০ সালে মাত্র ১৫ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেল।

অন্যদিকে, মহামারির মধ্যেও আয় বেড়েছে এশিয়ার শীর্ষ ও বিশ্ব ধনীদের মধ্যে একাদশে থাকা এই ধনকুবেরের। ব্লুমবার্গ বিলিয়নিয়ারর্স ইনডেক্স জানায়, সম্প্রতি মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ ৯২.৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।