জানুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমার পর ফেব্রুয়ারিতে এসে আবারও বেড়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা। যা জানুয়ারি মাসের ছিল এক হাজার ২৩২ টাকা।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে নতুন দর জানানো হয়। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।
বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে পাঁচ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়েছে।
এর আগে জানুয়ারি মাসের ক্ষেত্রে দর ১২ কেজির সিলিন্ডারে ৬৫ টাকা কমানো হয়েছিল।
বিইআরসি আরও জানায়, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২৫ টাকা, যা এত দিন ছিল প্রায় ১০৩ টাকা। গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার প্রায় ৭০ টাকা, যা এত দিন ৫৭ টাকার কিছু বেশি ছিল।
ঘোষিত নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, ডিসেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৬৫০ মার্কিন ডলার এবং ৬৫০ মার্কিন ডলার ছিল। এটি জানুয়ারি মাসে কমে যথাক্রমে ৫৯০ এবং ৬০৯ ডলার হয়। এবার তা আবারও বেড়ে প্রোপেন ও বিউটেনের ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) ৭৯০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
একইভাবে বেড়েছে অটোগ্যাসের দামও। ফেব্রুয়ারি মাসে লিটার প্রতি অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৯ টাকা ৭১ পয়সা, যা জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা, ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা। একইভাবে বাসাবাড়িতে ব্যবহারকারীদের এলপিজির দামও বেড়েছে। রেটিকুলেটেড এলপিজি গ্যাসীয় অবস্থায় জানুয়ারি মাসে প্রতি লিটারের দাম ছিল ০.২২ পয়সা। এখন তা বেড়ে হয়েছে ০.২৭ পয়সা।