সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক-ভিত্তিক দেশের সবচেয়ে বড় ই-কমার্স গ্রুপ উইমেন অ্যান্ড ই-কমার্স ট্রাস্ট (উই)। নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে এই প্ল্যাটফর্মের রয়েছে বৃহৎ ভূমিকা। দিন দিন তাদের পরিধি হচ্ছে আরও সম্প্রসারিত।
অগ্রযাত্রার অংশ হিসেবে উই-এর ২৭ জন নারী প্রতিনিধির একটি দল যাচ্ছে যুক্তরাজ্যে। এই প্রতিনিধিদলের প্রত্যেকেই সফল উদ্যোক্তা। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেবেন।
ব্রিটেনে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মেলায় অংশ নেবেন উইয়ের সদস্যরা। এছাড়া বিজনেস নেটওয়ার্কিং, ব্রিটেনের বাজার, আন্তর্জাতিক বাজারের প্রকৃতি বোঝা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো ইত্যাদি বিষয়ে আয়োজিত সম্মেলন ও বৈঠকে যোগ দেবেন উই-এর প্রতিনিধিরা।
উই-এর প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আগামী ১১ ফেব্রুয়ারি হোয়াইট চ্যাপেলে তাদের উদ্যোগে একটি মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বসবাসরত বাংলাদেশিদের মেলায় আমন্ত্রণ জানানো হয়েছে। এবার যুক্তরাজ্যে উই-এর আনুষ্ঠানিক পথচলা শুরুর চেষ্টা করা হবে।
এই আয়োজনে সার্বিক সহায়তা দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিল্কো গ্লোবালসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি সংস্থা।