শুক্রবার উৎপাদনে যাচ্ছে মোবারকগঞ্জ চিনিকল

৩,০০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে উদ্বোধন হতে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকলের ৫৭তম আখ মাড়াই মৌসুম।

শুক্রবার (২২ ডিসেম্বর) মিল কেরিয়ারের ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করবেন বিএসএফআইসি’র প্রধান প্রকৌশলী শহীদুল করীম।

চলতি ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ৪০ কার্য দিবসে ৫০,৫০০ মেট্রিকটন আখ মাড়াই করে ৩,০০০ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, শুক্রবার মিলটির মাড়াই মৌসুমের উদ্বোধন হবে। ইতোমধ্যে দাওয়াতপত্র বিতরণ করা হয়েছে। এ বছর ৪০ দিন মিলটি চালু রেখে ৩,০০০ মেট্রিকটন চিনি উৎপাদন করা হবে। এছাড়া চলতি বছর চাষিরা আখের মনপ্রতি মূল্য পাবেন ২২০ টাকা। আগামী ২০২৪-২৫ মৌসুমে আরও ২০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করা হয়েছে। চাষিদের কথা বিবেচনা করে দিন দিন আখের মূল্য বৃদ্ধি করা হচ্ছে।