অ্যামাজনের ৮৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন বেজোস

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস প্রতিষ্ঠানের ১.৪ কোটি শেয়ার বিক্রি করেছেন। এসব শেয়ারের মূল্য প্রায় ২৪০ কোটি ডলার।

এ পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের প্রায় ৫ কোটি শেয়ার বিক্রি করেছেন। যার মূল্য প্রায় ৮৫০ কোটি ডলার। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২০২৫ সালের জানুয়ারির মধ্যে পাঁচ কোটি শেয়ার বিক্রির কথা আগেই জানিয়েছিলেন বেজোস। ২০২৩ সালে অ্যামাজনের শেয়ার ৭৬%-এর বেশি বেড়ে যায়। এরপরই অ্যামাজন স্টক বিক্রির সিদ্ধান্ত নেন এই শীর্ষ ধনী।

এর আগে, সর্বশেষ ২০২১ সালে অ্যামাজনের শেয়ার বিক্রি করেছিলেন তিনি। অ্যামাজনের কিছু শেয়ার বিক্রি করে ২০২২ সালে তিনি দাতব্য কাজেও ব্যয় করেছেন।

বেজোস গত বছর ওয়াশিংটনের সিয়াটল থেকে ফ্লোরিডার মিয়ামিতে চলে আসায়, তার বিক্রি করা ৮.৫ বিলিয়ন ডলার মূল্যের শেয়ারের ওপর প্রায় ৬০ কোটি ডলার ট্যাক্স সাশ্রয় করেন।

শেয়ার বিক্রি বা অন্যান্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকে আড়াই লাখ ডলারের ওপরে লাভ হলে, ওয়াশিংটন স্টেটে ৭% হারে ট্যাক্স দিতে হয়। তবে ফ্লোরিডায় আয় বা মূলধনের লাভের ওপর সরকারি কর নেই।

যাই হোক, বেজোসকে এখন শেয়ার বিক্রির ফলে ফেডারেল কর পরিশোধ করলেই চলবে।

বেজোস গত বছরের নভেম্বরে বলেছিলেন, তার বাবা-মা সম্প্রতি মিয়ামিতে ফিরে এসেছেন, যেখানে তিনি তার শৈশবের কিছু সময় কাটিয়েছেন। তিনি মা বাবার কাছে থাকতে চান।

তাছাড়া বেজোস নিজের মালিকানাধীন ব্লু অরিজিন মহাকাশ প্রকল্পের কাছাকাছি থাকতে চান, যেটি ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে স্থানান্তরিত হচ্ছে।

বেজোস তার বাগদত্তা লরেন সানচেজের কথা উল্লেখ করে ইনস্টাগ্রামে আরও লিখেছেন, “লরেন ও আমি মিয়ামিকে ভালোবাসি। এ সবের জন্য, আমি প্যাসিফিক উত্তর-পশ্চিম ছেড়ে মিয়ামিতে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছি।”

বেজোস অ্যামাজনের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী, যার আনুমানিক সম্পদ ১৯০ বিলিয়ন ডলারেরও বেশি।