দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিল সরকার

দুই ধরনের খেজুরের দাম বেঁধে দিয়েছে সরকার। অতি সাধারণ খেজুরের দাম কেজিপ্রতি ১৫০ টাকা এবং জায়েদি খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ১৭০ থেকে ১৮০ টাকা।

সোমবার (১১ মার্চ) খেজুরের খুচরা মূল্য নির্ধারণ সংক্রান্ত এ স্মারক জারি করা হয়।

স্মারকে বলা হয়েছে, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানি মূল্য, আরোপিত শুল্ক, কর ও আমদানিকারকদের অন্যান্য খরচ বিশ্লেষণ করে এই দাম নির্ধারণ করা হয়েছে। এই মূল্যের আলোকে খেজুরের খুচরা মূল্য নির্ধারণ করে বিক্রয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এবার রোজা শুরুর বেশ আগে থেকেই বাজারে খেজুরের দাম বাড়তি। সোমবার রাজধানী ঢাকার বাজারে উন্নতমানের প্রতি কেজি খেজুর অন্তত ১,০০০ টাকায় বিক্রি হয়েছে। সরকার জাইদি খেজুরের দাম প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বেঁধে দিলেও গতকাল সেই খেজুরের দাম ছিল ২৫০ টাকার আশপাশে। অতি সাধারণ ও নিম্নমানের খেজুরের দাম সরকার ১৫০ থেকে ১৬৫ টাকা বেঁধে দিলেও গতকাল তা ২০০ টাকার আশপাশে ছিল।

কয়েক বছর ধরে খেজুর আমদানির ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠছে। গত বছরের তুলনায় এবার সব ধরনের খেজুরের দাম কেজিতে ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।

গত বছর রোজার আগে আজোয়া ও মেডজুলের মতো দামি খেজুর প্রতি কেজি ৯৫ সেন্ট থেকে ১ মার্কিন ডলারে আমদানির ঘোষণা দিয়েছিলেন অনেক ব্যবসায়ী। এই কারণ দেখিয়ে শুল্ক-কর বাড়ানো হয়েছিল।

শুল্ক-কর নির্ধারণের ক্ষেত্রে ন্যূনতম আমদানি মূল্যও বেঁধে দেওয়া হয়। সব মিলিয়ে প্রতি কেজি খেজুর আমদানিতে এখন করভার ৬৬ থেকে ২৬৫ টাকা। এরপর এ বছর খেজুরের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়।