কালো টাকা আছে? সাদা করুন ১৫% কর দিয়ে

একদিকে মানি লন্ডারিং ও কর ফাঁকির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছে সরকার, এরই মধ্যে ফের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে বাজেটে।

চার বছরের বিরতির পর এবারের ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ফের এ সুযোগ দেওয়া হলো।

১৫% কর দিয়ে যেকেউ অবৈধ টাকা বৈধ করতে পারবেন। একই সঙ্গে, কালো টাকার মালিকদের জন্য সাধারণ ক্ষমাও ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, কর দিয়ে টাকা বৈধ করলে ওই টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন তুলবে না সরকারি সংস্থাগুলো। এর আগে ২০২০-২১ অর্থবছরে, সরকার ১০ শতাংশ করের বিপরীতে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল।

এদিকে, দেশে ব্যক্তিগত করদাতাদের জন্য বর্তমানে সর্বোচ্চ কর হার ২৫%, যা এবারের বাজেটে ৩০%-এ উন্নীত করা হয়েছে।

অর্থাৎ, কালো টাকাধারীরা এবার চাইলে নিয়মিত কর হারের মাত্র অর্ধেক পরিশোধ করেই অঘোষিত বা অপ্রকাশিত অর্থ বৈধ করতে পারবেন।  বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, অপ্রকাশিত অর্থ বৈধ করতে গেলে প্রদেয় পরিমাণের ওপর ১০% জরিমানাসহ ২৫% পর্যন্ত কর পরিশোধের বিধান রয়েছে।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের জন্য জাতীয় সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাবনা পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।