যেসব পণ্য ও সেবায় বাড়লো শুল্ক-কর

শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ফলে এসব পণ্য ও সেবার খরচ বাড়বে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বেড়ে যেতে পারে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শনিবার থেকে মোবাইল ফোন ব্যবহারে, ইন্টারনেট, টিস্যু, আঙুর, আপেল, তরমুজ, তৈরি পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, এলপিজি গ্যাস, হোটেল ভাড়া ও চশমার মতো পণ্যের ওপর নতুন ভ্যাট ও সম্পূরক শুল্কহার কার্যকর করা হয়েছে।

রেস্তোরাঁ, বিস্কুট ও কেক, আচার ও টমেটো সস, কাপড়, দর্জির দোকান, টয়লেট টিস্যু, ন্যাপকিন ও টাওয়েল, মিষ্টি, ড্রাইভিং লাইসেন্স, নন-এসি হোটেল, চশমা, সানগ্লাস, মোটর ওয়ার্কশপ ও লুব্রিকেন্ট তেলের ওপর ৫% থেকে বাড়িয়ে ১৫% পর্যন্ত করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার, বৈদ্যুতিক খুঁটি, স্টিলের কোল্ড রোল্ড কয়েল, চুনাপাথর ও ডলোমাইটের মতো কয়েকটি শিল্পপণ্যের ভ্যাটও ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।

এছাড়াও বাণিজ্যিক পর্যায়ে ওষুধের ওপর ভ্যাট বাড়ানোর কারণে ওষুধ কিনতে গেলে গুনতে হবে বাড়তি টাকা। এ ক্ষেত্রে ভ্যাটের হার ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে।

মুদ্রণ, সিনেমার টিকিট, মেরামত ও সার্ভিসিং এবং পরিচ্ছন্নতা সেবার খরচও বাড়বে। এতে পূর্বে নির্ধারিত ভ্যাট ১০% থেকে বাড়িয়ে ১৫% করা হয়েছে।

এছাড়াও এখন উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রেও গুণতে হবে বাড়তি টাকা।

সেই সঙ্গে ভ্যাট বাড়ানো হয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবায়। মোবাইল ফোনের ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক ২০% থেকে বাড়িয়ে করা হয়েছে ২৩%। ফলে এখন থেকে মোবাইল ফোন ব্যবহারের খরচে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ ৩৯% এর পরিবর্তে ৪২.৪৫% ভ্যাট দিতে হবে।

ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপরও ১০% সম্পূরক শুল্ক আরোপ করায় ইন্টারনেট বিলও বাড়তে পারে।

এনবিআর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএফএম) শর্ত পরিপালনে কিছু পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানো এবং যৌক্তিকীকরণ করার পরিকল্পনা নেয় সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ১ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এনবিআরের ভ্যাট, সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব পাস করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামত সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে।