রেস্টুরেন্টে ভ্যাট বাড়ছে না

হোটেল ও রেস্তোরাঁ খাতে মূল্য সংযোজন কর (ভ্যাট) ৫% থেকে বাড়িয়ে ১৫% করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে রেস্টুরেন্টে নতুন করে আর ভ্যাট বাড়বে না। আগের মতোই রেস্টুরেন্টের খাবারের বিলের ওপর ৫% ভ্যাট আরোপ হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডেপুটি কমিশনার অ্যান্ড সেকেন্ড সেক্রেটারি বদরুজ্জামান মুনশী। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।

বদরুজ্জামান মুনশী জানিয়েছেন, বৃহস্পতিবার অথবা আগামী রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করা হতে পারে।

এনবিআরের এই কর্মকর্তা বলেন, “মূল্য সংযোজন কর ও সম্পূরক আইনের মাধ্যমে রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে  ৫% থেকে বাড়িয়ে ১৫ শতাংশ% আরোপ করা হয়। পরে সরকার এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পূণরায় ৫% ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে জাতীয় রাসস্ব বোর্ড কার্যক্রম গ্রহণ করেছে। আজ ও আগামী রবিবারের মধ্যে আদেশ জারি করে রেস্টুরেন্ট সেবায় পূর্বের অবস্থায় (১৫%-এর স্থলে ৫%) মূসক বহাল করা হবে।”

রেস্টুরেন্ট মালিলকদের মানববন্ধন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “গতকাল আমরা রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতিকে একটি চিঠি দিয়ে আমাদের সিদ্ধান্তের পুনর্বিবেচনার বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এরপরও তারা কেন মানববন্ধন করছেন তা দেখার বিষয়। আমরা তাদেরকে অনুরোধ করব, যেহেতু জাতীয় রাজস্ব বোর্ড ভ্যাট ৫% করার সিদ্ধান্ত নিয়েছে- সেকারণে এখন মানববন্ধন করার প্রয়োজন নেই।”

আন্দোলনকারীদের স্ব স্ব স্থানে কাজে ফিরে যাওয়ার জন্য অনুরোধও করেন তিনি।

এনবিআর সূত্রে জানা যায়, সার্বিক বিবেচনায় রেস্টুরেন্টসহ আরও কয়েকটি খাতে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করছে এনবিআর। তার মধ্যে শুরুতেই রয়েছে রেস্টুরেন্ট ব্যবসা।