দেশে খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা কমে এসেছে। এ বছরের জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৭২%, আগের মাস ডিসেম্বরে যা ছিল ১২.৯২%। এক মাসের ব্যবধানে খাদ্যে মূল্যস্ফীতি কমেছে ২.২%।
খাদ্য মূল্যস্ফীতি হ্রাসের ফলে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি জানুয়ারিতে ০.৯৫% কমে ৯.৯৪%-এ নেমে এসেছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এদিকে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি জানুয়ারিতে সামান্য বেড়ে ৯.৩২% পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.২৬%। ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতির ছিল ১২.৯২% এবং নভেম্বরে ছিল ১৩.৮ শতাংশ।
জানুয়ারি মাসে গ্রামীণ পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.১%, যা ডিসেম্বরে ছিল ১১.০৯% এবং ২০২৪ সালের জানুয়ারিতে ছিল ৯.৭০%। অপরদিকে জানুয়ারিতে শহর পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০.৮৯%, যা গত ডিসেম্বরে ছিল ১০.৮৪%।
বাজারে শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় এসব পণ্যের দাম কমে এসেছে। এ ছাড়া বাড়ানো হয়েছে নীতি সুদহারও। ফলে বাজারের পণ্যমূল্যে এসব পদক্ষেপের প্রভাব দেখা যাচ্ছে।