হাতে ও মেশিনে তৈরি বিস্কুটের ওপর বসানো বাড়তি ভ্যাট কমিয়ে অর্ধেক করলো জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এখন থেকে ১৫% ভ্যাট এর জায়গায় ৭.৫% ভ্যাট দিতে হবে এসব পণ্যে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভ্যাট কমানোর কথা জানানো হয়।
অর্থবছরের মাঝপথে এসে গত জানুয়ারিতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার। ওই তালিকায় বেকারিপণ্য, বিস্কুট ও কেকও ছিল। সেসব পণ্যে ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্য বিস্কুটে ভ্যাট বসানোয় সমালোচনা হয়েছে ব্যাপক। এবার বিস্কুট থেকে ৭.৫% ভ্যাট প্রত্যাহার করলো সরকার।
এর আগে দুই দফায় এনবিআরের সঙ্গে বসে নিজেদের দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। তখন বিস্কুটের ওপর থেকে বাড়তি ভ্যাট কমানোর আশ্বাস দেয় এনবিআর। এরপর ৬ ফেব্রুয়ারি প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে নতুন করে আরোপ করা ভ্যাট ও শুল্ক প্রত্যাহার চেয়ে দ্বিতীয় দফায় এনবিআরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিস্কুট অ্যান্ড ব্রেড অ্যাসোসিয়েশন।
সংগঠনের সভাপতি শফিকুর রহমান ভুইয়া সে দিন সাংবাদিকদের বলেন, “আমরা এনবিআরকে বারবার বিরক্ত করার চেষ্টা করছি। চেয়ারম্যানকে বললাম, ‘আপনার কাছ থেকে আমরা আশ্বস্ত হয়েছি’ (আগের বৈঠকে)। কিন্তু কার্যকারিতা বাস্তবে দেখতে না পেরে আমরা আপনাকে আবার বিরক্ত করার জন্য এসেছি।”
তিনি বলেন, “ভ্যাটের সদস্য আমাদের আশ্বস্ত করেছেন। তিনি বলেছেন, তিন-চারটা দিন চুপচাপ থাকেন; আমাদের কাজ করতে দেন; আমরা রেজাল্ট দেব।”