আজ চালু হচ্ছে ‘গুগল পে’, যেসব সুবিধা পাওয়া যাবে

বহু প্রতীক্ষার পর, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা “গুগল ওয়ালেট” বা “গুগল পে”। প্রযুক্তি জায়ান্ট গুগলের সঙ্গে অংশীদার হয়ে এই সেবা চালু করছে সিটি ব্যাংক।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সহযোগী হিসেবে থাকছে আন্তর্জাতিক কার্ড ব্র্যান্ড মাস্টারকার্ড ও ভিসা। সিটি ব্যাংকই গুগল পে’র সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়া দেশের প্রথম ব্যাংক।

এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনই হয়ে উঠবে গ্রাহকদের 'ডিজিটাল ওয়ালেট'। ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না।

প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং যেকোনো এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন)-সাপোর্টেড টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তবে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এই সেবায় যুক্ত হবে।

লেনদেনের জন্য গুগল কোনো ফি নিচ্ছে না। তবে কার্ডধারীর ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরণ এবং লেনদেনের প্রকৃতির ওপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে।

উদাহরণস্বরূপ, যদি লেনদেনটি আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় অথবা বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে ব্যাংকগুলো সাধারণত ১ থেকে ৩% পর্যন্ত বিদেশি লেনদেন ফি দিতে পারে। বাংলাদেশে যেসব লেনদেন স্থানীয়, অর্থাৎ দেশের ভেতরে হয়, সেখানে সাধারণত কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না।

প্রথম ধাপে এই সুবিধা শুধু সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা ব্যবহার করতে পারবেন। গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে গুগল পে অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের সিটি ব্যাংক কার্ডের তথ্য যুক্ত করতে হবে। কার্ড যুক্ত হয়ে গেলে ব্যবহারকারী যেকোনো দোকান বা রেস্টুরেন্টে ফোন ট্যাপ করেই সহজে পেমেন্ট করতে পারবেন।