এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আজ অর্থ উপদেষ্টার বৈঠক হচ্ছে না

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) অচলাবস্থা নিরসনে আজ বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা বৈঠক করবেন বলে জানা গিয়েছিল। তবে এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।”

রবিবার (২৯ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “আজ এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের বিষয় নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।”

আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক না করার বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী ১ জুলাই তাদের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, তা–ও হবে কি না, সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

উল্লেখ্য, সব পক্ষের মতামতের ভিত্তিতে রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারে টানা কয়েক দিন ধরে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকালের মতো আজও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। এনবিআর সংস্কার পরিষদের ব্যানারে এই আন্দোলন চলছে।