মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। পূর্ণকালীন ডিজি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে অধ্যাপক সোহেল মাউশির মাধ্যমিক শাখার পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের একান্ত সচিবের (পিএস) দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) পদে কর্মরত অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলকে ট্রেজারি ও সাবসিডিয়ারি আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা নির্দেশক্রমে দেওয়া হলো।
অধ্যাপক সোহেল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আহ্বায়ক। তিনি বিসিএস ১৬তম ব্যাচের কর্মকর্তা। ২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পিএস ছিলেন তিনি।